logo
Advertisement

যশোরে একাধিক হত্যা মামলার আসামিকে খুন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজযশোর
যশোরে একাধিক হত্যা মামলার আসামিকে খুন
যশোরের অভয়নগর থানা। ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলায় রিয়াজ হোসেন নামে একাধিক হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৬ জুন) রাত দুইটার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার ওপর হামলা হয়।

নিহত রিয়াজ হোসেন ওই ইউনিয়নের ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে। তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াজ হোসেন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। মাদকের সঙ্গেও তার সংশ্লিষ্টতা ছিল। মঙ্গলবার রাতে তাকে মারধরের পর কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোহাম্মদ সবুজ বলেন, ‘মঙ্গলবার রাত ২টার পর রিয়াজ হোসেন নামে এক যুবককে হাসপাতালে আনা হয়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, রিয়াজ হোসেনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট ছয়টি মামলা রয়েছে। তার মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।