logo
Advertisement

নরসিংদীতে ব্যবসায়ীর কান কামড়ে দেওয়া বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজনরসিংদী
নরসিংদীতে ব্যবসায়ীর কান কামড়ে দেওয়া বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
পলাশ ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া। ছবি: সংগৃহীত

নরসিংদীতে বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে কানে কামড় দেওয়ার ঘটনায় বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়াসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে পলাশ থানায় মামলা করেন মেসার্স সজিব ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সজিব মিয়া।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, টিকে গ্রুপের নির্মাণাধীন সাইটে বালু সরবরাহ করতে পাশের গাজীপুর জেলার কালীগঞ্জের সাখাওয়াত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। সোমবার (১৩ জুলাই) বিকেলে কাজ শেষে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে পৌঁছান সাখাওয়াত। এ সময় অভিযুক্ত ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার নির্দেশে একদল ‘সন্ত্রাসী’ সাখাওয়াত হোসেনকে তুলে বিএনপি নেতার বাড়ি নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে আহত করা হয়। একই সঙ্গে মহিউদ্দিন তার কান কামড়ে জখম করে। তাকে দ্রুত ড্রেজার মেশিন সরিয়ে এলাকা থেকে চলে যাওয়ার হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়।

পরে স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয় ব্যবসায়ীকে। এদিকে এ ঘটনা সংবাদ মাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, ব্যবসায়ীকে আহত করার ঘটনায় পলাশ থানায় মামলা নেওয়া হয়েছে। এতে বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়াসহ ১১ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এখনও কাউকে গ্রেপ্তার করা না গেলেও পুলিশি অভিযান চলছে বলে জানান ওসি শাহেদ আল-মামুন।