logo
Advertisement

পাবনায় দুজনকে গুলি ও ছুরিকাঘাতে হত্যা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজপাবনা
পাবনায় দুজনকে গুলি ও ছুরিকাঘাতে হত্যা
ঘটনাস্থলে পুলিশ সদস্যরা। ছবি : এশিয়া পোস্ট

‎পাবনা শহরে দুই ঘণ্টার ব্যবধানে প্রকাশ্যে দুজনকে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৮ জুন) বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টার দিকে পৌরসভাধীন মাসুম বাজার ও কেন্দ্রীয় বাস টার্মিনাল-সংলগ্ন নিউ নাইস পেট্রোল পাম্পের পেছনে ঘটনাটি ঘটে।

গুলিতে নিহত আলী হোসেন (৫৩) সদরের গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে ও ছুরিকাঘাতে নিহত মনিরুল ইসলাম (২১) সাথিয়া উপজেলার শিবরামপুর গ্রামের মুন্নাফের ছেলে। মনিরুল পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সাহা বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলী হোসেন জামেয়া আশরাফিয়া মাদ্রাসায় ছেলেকে পৌঁছে দিতে আসেন। এ সময় মাদ্রাসার গেটে রিকশা থেকে নামতেই দুটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত এসে সন্তানের সামনেই গুলি করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎অন্যদিকে বিকেল ৫টার দিকে পাবনা পেট্রোলিয়াম পাম্পের সামনে দুই যুবক একসঙ্গে টয়লেটে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে তারা পূর্বপরিচিত ছিলেন। এক পর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটির সৃষ্টি হলে রাকিব নামের যুবক মনিরুলকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে। ‎গুরুতর আহত অবস্থায় মনিরুল ইসলাম দৌড়ে নিকটস্থ পুলিশ বক্সের সামনে এসে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় অভিযুক্ত রাকিবকে পুলিশে ধাওয়া দিলে কচুরিপানাযুক্ত পুকুরে ঝাপ দিলে পুলিশ তল্লাশি করে আটক করে।

‎এ বিষয়ে পুলিশ পরিদর্শক সঞ্জয় সাহা বলেন, পুলিশের উচ্চ পর্যায়ের টিম ঘটনাস্থলে কাজ করছে। কি কারণে গুলি করে হত্যা ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে উদঘাটনে কাজ করছে পুলিশ। মরদেহ দুটি উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।