logo
Advertisement

ফুটবল কেনার স্বপ্নে হাঁস চুরি, শাস্তির বদলে বল পেল তিন শিশু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
কুতুবদিয়া, কক্সবাজার
ফুটবল কেনার স্বপ্নে হাঁস চুরি, শাস্তির বদলে বল পেল তিন শিশু
তিন শিশুর হাতে নতুন ফুটবল তুলে দেন ইউএনও মো. মিজানুর রহমান। ছবি : এশিয়া পোস্ট

ফুটবল কেনার টাকা জোগাতে প্রতিবেশীর হাঁস চুরি করতে গিয়ে ধরা পড়েছিল তিনটি শিশু। কিন্তু বিষয়টিকে অপরাধ বা শাস্তির চোখে না দেখে সংবেদনশীলতার পরিচয় দিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান। তিন শিশুকে ডেকে এনে বুঝিয়ে সতর্ক করার পাশাপাশি তাদের হাতে একটি নতুন ফুটবল তুলে দিয়ে খেলার স্বপ্ন পূরণ করেছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার অফিসার্স ক্লাবে ডেকে এনে ওই তিন শিশুর হাতে ফুটবল তুলে দেন ইউএনও। একই সঙ্গে তাদের বিদ্যালয়ে ফেরানো ও ভবিষ্যতে অপরাধ থেকে দূরে থাকার বিষয়েও পরামর্শ দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের তেলিয়াকাটা গ্রামের বিদ্যালয়বিমুখ তিন শিশু শাহানেক (১৩), মিনহাজ (১২) ও মুজাহিদ (১১) দীর্ঘদিন ধরে একটি ফুটবল কেনার স্বপ্ন দেখছিল। কিন্তু দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় টাকা জোগাড় করতে পারছিল না তারা। পরে পরামর্শ করে মঙ্গলবার দুপুরে এলাকা থেকে প্রতিবেশীর দুটি হাঁস চুরি করে ধুরুং বাজারে বিক্রি করতে নিয়ে যায়।

চুরির বিষয়টি স্থানীয় ব্যবসায়ীদের কাছে ধরা পড়লে তারা স্বীকার করে, শুধু ফুটবল কেনার টাকা জোগাতেই তারা এই কাজ করেছে।

পরবর্তী সময়ে ঘটনাটি কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবুল কাশেমের মাধ্যমে ইউএনও মো. মিজানুর রহমানের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টিকে শাস্তি বা অপরাধের জায়গায় না রেখে শিশুদের খেলাধুলার প্রতি তীব্র আগ্রহকে ইতিবাচকভাবে কাজে লাগানোর উদ্যোগ নেন।

ইউএনও মো. মিজানুর রহমান জানান, শিশুদের ভুলের জন্য শাস্তি না দিয়ে ভালো পথের বার্তা দেওয়া হয়েছে। তারা যাতে ভবিষ্যতে কোনো অপরাধে না জড়িয়ে খেলাধুলার মধ্যে থাকে, সে জন্য উৎসাহিত করতেই বলটি উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের দ্রুত বিদ্যালয়ে ফিরিয়ে নেওয়ারও পদক্ষেপ নেওয়া হচ্ছে।