logo
Advertisement

ভারতে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে ২ বাংলাদেশি আটক

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজঝিনাইদহ
ভারতে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে ২ বাংলাদেশি আটক
ছবি : এশিয়া পোস্ট

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাঠিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক আরও কয়েকটি অভিযানে উদ্ধার করা হয়েছে ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৪ বোতল সিরাপ ও ৫০ প্যাকেট ভারতীয় কীটনাশক।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৮ বিজিবি এসব তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাঠিলা বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করেন। সীমান্ত পিলার ৫২/২২-এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে দুই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটক ব্যক্তিরা দেশের ভিন্ন জেলার বাসিন্দা।

এদিকে একই দিনে রাজাপুর ও বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালায় বিজিবি। এসব অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৪ বোতল ভারতীয় সিরাপ এবং ৫০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। তবে এসব মাদক ও অন্যান্য মালামাল উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মহেশপুর ব্যাটালিয়নের বিজিবি জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক দুই বাংলাদেশিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া উদ্ধার হওয়া মাদক ও কীটনাশক বিধি অনুযায়ী জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।