logo
Advertisement

সিরাজদিখানে শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার নিষিদ্ধ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজমুন্সীগঞ্জ
সিরাজদিখানে শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার নিষিদ্ধ
ছবি : এআই দিয়ে তৈরি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূম্পা ঘোষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার বেড়ে যাওয়ায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, শ্রেণি চলাকালীন সময়ে কোনো শিক্ষার্থী, শিক্ষক কিংবা কর্মচারী মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। শিক্ষা কার্যক্রমের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ বলেন, শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষকদেরও শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনাটি কঠোরভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

এর আগে, গত ২৬ জুলাই জারি করা এ আদেশের অনুলিপি জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে প্রেরণ করা হয়েছে।