logo
Advertisement

হোটেলের পার্কিংয়ে লুকানো ছিল তিন বিলাসবহুল গাড়ি

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
কক্সবাজার সদর, কক্সবাজার
হোটেলের পার্কিংয়ে লুকানো ছিল তিন বিলাসবহুল গাড়ি
জব্দ করা তিন বিলাসবহুল গাড়ি। ছবি : এশিয়া পোস্ট

কক্সবাজারের একটি হোটেলের পার্কিং থেকে তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গাড়িগুলোর আমদানি-সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জব্দ করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে হোটেল ওশান প্যারাডাইসের পার্কিং এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়।

জব্দ করা তিন গাড়ি। ছবি : এশিয়া পোস্ট
জব্দ করা তিন গাড়ি। ছবি : এশিয়া পোস্ট

জব্দ করা গাড়িগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেট্রো-গ-৩০-১২২৪ নম্বরের ২০২১ মডেলের লাল রঙের টয়োটা এম ক্রপ, ঢাকা মেট্রো-গ-১৮-৯৬৬৮ নম্বরের লাল রঙের হোন্ডা এবং ঢাকা মেট্রো-গ-২৪-৭৩৯৯ নম্বরের ২০২০ মডেলের টুইন গ্রে রঙের মাজদা। কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, তিনটি গাড়িই জাপানে তৈরি।

কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়িগুলোর ব্যবহারকারীরা আমদানি-সংক্রান্ত প্রয়োজনীয় দলিলাদি এবং গাড়ি ক্রয়ের বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, গাড়িগুলো শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা, জালিয়াতি কিংবা চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জব্দ করা গাড়িগুলোর বিষয়ে বিস্তারিত অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।