logo
Advertisement

হাসপাতালে শিশুকে ধর্ষণচেষ্টা, রোগী গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজপঞ্চগড়
হাসপাতালে শিশুকে ধর্ষণচেষ্টা, রোগী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মতিয়ার রহমান (৫৭) নামের এক রোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৬ জুলাই ভোরে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার (২১ জুলাই) বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক তোলপাড় ও সমালোচনার সৃষ্টি হয়।

গ্রেপ্তারকৃত মতিয়ার রহমান পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের নিতাইপাড়া এলাকার বাসিন্দা।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই শিশুটির নানা অসুস্থ হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি হন। নানির সঙ্গে নাতনীও হাসপাতালে আসে নানাকে দেখতে। রাতে নানার শয্যার পাশে শিশুটি ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে পাশের ১১ নম্বর বেডের রোগী মতিয়ার শিশুটি মেঝেতে কষ্ট পাবে জানিয়ে নিজের ফাঁকা বেডে ঘুমাতে দিতে বলেন। পরে শিশুটিকে তার বেডে ঘুমাতে দেন স্বজনেরা। ভোরে শিশুটির চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। শিশুটি তার নানা-নানিকে জানায় ওই ব্যাক্তি তাকে ধর্ষণের চেষ্টা করেছে। পরবর্তীতে পুলিশে খবর দিলে হাসপাতাল থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, শিশুটির নানি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রোগীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।