logo
Advertisement

বাবার বাড়ি যেতে বাধা, দরজা ভেঙে মিলল মা-মেয়ের মরদেহ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজটাঙ্গাইল
বাবার বাড়ি যেতে বাধা, দরজা ভেঙে মিলল মা-মেয়ের মরদেহ
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে নিজ বসতঘর থেকে এক গৃহবধূ ও তার চার বছরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ধুপুরিয়া গ্রামের রাজমিস্ত্রি রাজীব হোসেনের স্ত্রী কনিকা আক্তার (২২) এবং তাদের চার বছরের কন্যাসন্তান রাজিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্রে রাজীব ও কনিকার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার রাতে রাজীব সিলেটে ঘুরতে যান। শুক্রবার সকালে কনিকা মেয়েকে নিয়ে নিজের বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু অভিযোগ রয়েছে, পথেই শ্বশুর নাজিমউদ্দিন ও শাশুড়ি তাকে বাধা দেন এবং বাড়িতে ফিরিয়ে আনেন।

বাড়িতে ফিরে কনিকা মেয়েকে নিয়ে নিজের শোবার ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর ঘর থেকে শিশু রাজিয়ার চিৎকার শুনতে পান স্থানীয়রা। তারা ছুটে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে কনিকাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। একই ঘরের মেঝেতে শিশুটিকেও নিথর পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে মির্জাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়ের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনাটির নেপথ্য রহস্য উন্মোচনে তদন্ত চলছে।