logo
Advertisement

ব্রাজিলের খেলা শেষে সমর্থকের হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজকুড়িগ্রাম
ব্রাজিলের খেলা শেষে সমর্থকের হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি
হাসপাতালে ভর্তি আলমগীর হোসেন। ছবি : এশিয়া পোস্ট

বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল ব্রাজিলের বিদায়ের ধাক্কা সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আলমগীর হোসেন (৩৫) নামের এক সমর্থক।

রোববার (৫ জুলাই) মধ্যরাতে অনুষ্ঠিত ম্যাচে প্রিয় দল ব্রাজিলের খেলা কুড়িগ্রামের নিজ বাড়িতে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তিনি।

হাসপাতালে ভর্তি আলমগীর হোসেন কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি শঙ্কামুক্ত থাকলেও চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার মধ্যরাতে অনুষ্ঠিত ম্যাচে প্রিয় দল ব্রাজিলের খেলা নিজ বাড়িতে বন্ধু ও অন্য সমর্থকদের সঙ্গে দেখছিলেন আলমগীর হোসেন। ম্যাচে ব্রাজিল পিছিয়ে পড়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। খেলার শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে প্রিয় দলের বিশ্বকাপ স্বপ্নভঙ্গের বেদনায় তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্য ও স্থানীয় সমর্থকেরা দ্রুত তাকে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, আলমগীর হোসেন বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখতে আরও কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ফুটবল বা যে কোনো খেলা দেখার সময় অতিরিক্ত উত্তেজিত না হতে চিকিৎসকদের পক্ষ থেকে সবসময় সতর্ক করা হয়। বিশেষ করে যাদের হার্টের সমস্যা রয়েছে, তাদের এই ধরনের রোমাঞ্চকর পরিস্থিতিতে বাড়তি সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।