logo
Advertisement

নারায়ণগঞ্জ কারাগারের কয়েদির মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজনারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ কারাগারের কয়েদির মৃত্যু
নারায়ণগঞ্জ জেলা কারাগার। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীর নামে নারায়ণগঞ্জ জেলা কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ। তিনি জানান, রোববার (২৮ জুন) অসুস্থ হয়ে পড়লে জাহাঙ্গীরকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ জুন) রাত ১২টা ৫৫ মিনিটে তিনি মারা যান। প্রাথমিকভাবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

কারা সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর (৩৮) আড়াইহাজার উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি রূপগঞ্জ থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০১৪ সাল থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, অসুস্থ হয়ে পড়লে জাহাঙ্গীরকে প্রথমে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সোমবার তাকে কারাগার থেকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। তার সুরতহাল প্রতিবেদন একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমাদের একজন এসআই সম্পূর্ণ করেন।

কারা সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে জাহাঙ্গীরের মরদেহ দাফনের জন্য তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।