logo
Advertisement

সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ ইয়াবা ও বিদেশি পিস্তলসহ আটক ২

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজকক্সবাজার
সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ ইয়াবা ও বিদেশি পিস্তলসহ আটক ২
উদ্ধারকৃত ইয়াবা। ছবি: এশিয়া পোস্ট

মিয়ানমার সীমান্তে পৃথক অভিযানে ৫ লাখ ৯৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে বিজিবি। এ সময় দুইজনকে আটক করা হয়।

সোমবার (১০ আগস্ট) ভোরে কক্সবাজারের টেকনাফ সীমান্তের উলুবনিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকার ঘুমধুম সীমান্তে অভিযান চালায় ৬৪ বিজিবি।

আটকরা হলেন—টেকনাফের কাটাখালী হাতিমারা গ্রামের মৃত সৈয়দ আলমের ছেলে নুর বশর (২২) এবং উলুবনিয়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে আবুল ফয়েজ (২৫)। নাফ নদীপথে ইয়াবা পাচারকালে সাড়ে ৩ লাখ ইয়াবাসহ তাদের দুজনকে আটক করেছে ৬৪ বিজিবির সদস্যরা।

উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সোমবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা হোয়াইক্যংয়ের উলুবনিয়াস্থ নাফনদীর তীরে অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে ২ ব্যক্তিকে ব্যাগ হাতে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশকালে দাঁড়াতে বললে দৌড়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের আটক করে তল্লাশি চালিয়ে তাদের হাতে থাকা ব্যাগ থেকে সাড়ে ৩ লাখ ইয়াবা উদ্ধার করে। এরপর মামলা করে আটক ২ জনকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

অপরদিকে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকার ঘুমধুম সীমান্ত থেকে বিদেশি পিস্তল-গুলি ও ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন, কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

তিনি জানান, সোমবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘুমধুমস্থ নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১ টি বিদেশি অস্ত্র, ৫ রাউন্ড গুলি এবং ২ লাখ ৪৬ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।