উত্তরায় মধ্যরাতে কিশোর গ্যাংয়ের হামলা

রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারে মধ্যরাতে অর্ধশতাধিক কিশোর গ্যাংয়ের সদস্যরা মহড়া দিয়ে হামলা চালিয়েছে। এতে তিনজন আহত হয়েছেন।
রোববার (৭ জুন) মধ্যরাতে বিএনএস সেন্টারের মূল ফটকের সড়কে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের ওপর এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও হামলায় আহত মিজানুর রহমান এশিয়া পোস্টকে বলেন, মার্কেটের নিরাপত্তা কর্মী মানিক রাজসহ তিনজন আহত হয়েছেন। আরেকজনের পরিচয় জানা যায়নি।
তিনি আরও বলেন, প্রায় ৩০ থেকে ৪০ জন কিশোর গ্যাংয়ের পোলাপান এসে হঠাৎ করেই হামলা করে। এদের হাতে অস্ত্রশস্ত্র ছিল। আমি কিছুই বুঝতে পারিনি। প্রথমে চিনতেও পারিনি।
মার্কেটের নিরাপত্তা কর্মী মানিক রাজ বলেন, প্রায়ই কিশোর গ্যাংয়ের পোলাপান এসে উৎপাত করে। আমাদেরকে হুমকি-ধমকি দেয়। রোববার রাতেও ১০ থেকে ১২টি মোটরসাইকেলে এসে আমাদের মারধর করে পালিয়ে গেছে।
কিশোর গ্যাংয়ের হামলা ও মহড়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় উত্তরা পশ্চিম থানা পুলিশ। তবে কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি।
ঘটনাস্থলে থাকা উত্তরা পশ্চিম থানা পুলিশের দুই কর্মকর্তা এশিয়া পোস্টকে বলেন, তারা আসার আগেই কিশোর গ্যাংয়ের পোলাপান পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


