logo
Advertisement

শাবিপ্রবিতে ছাত্রশক্তি নেতার শাস্তির দাবিতে বিক্ষোভ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজশাবিপ্রবি
শাবিপ্রবিতে ছাত্রশক্তি নেতার শাস্তির দাবিতে বিক্ষোভ
ছাত্রশক্তি নেতার শাস্তির দাবিতে শাবিপ্রবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি: এশিয়া পোস্ট

মেসেঞ্জারে আপত্তিকর চ্যাটের স্ক্রিনশট প্রকাশের অভিযোগে শাখা ছাত্রশক্তির এক নেতাকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এই কর্মসূচি পালিত হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।

অভিযুক্ত সাজিদ আহমেদ মোল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের শিক্ষার্থী।

বিক্ষোভ সমাবেশে ছাত্র ইউনিয়নের সংগঠক নাজনীন লিজা বলেন, সাধারণ শিক্ষার্থীরা যে দাবি তুলেছে, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে। এই বিচার নিশ্চিত হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের যে কোনো কর্মসূচিতে ছাত্র ইউনিয়ন পাশে থাকবে।

নারীদের নিরাপত্তার জোর দাবি জানিয়ে তিনি আরও বলেন, আজকে যদি আমরা প্রতিবাদ না করি, কালকে এই একই পরিস্থিতির শিকার অন্য কাউকে হতে হবে।

এ সময় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিক বলেন, নবম শ্রেণির একজন কিশোরীকে নিয়ে যে পরিমাণ বিকৃত মানসিকতার পরিচয় দেওয়া হয়েছে, তা থেকে বোঝা যায় আমাদের নারীরা এখনও কতটা অনিরাপদ। আমাদের ক্যাম্পাসের কোনো শিক্ষার্থী এরকম বিরূপ মন্তব্য করতে পারে, তা সাজিদ মোল্লাকে না দেখলে বিশ্বাস হতো না।

তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা প্রশাসনকে অনুরোধ করব—অতি দ্রুত এই বিকৃত মানসিকতার ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। তা না হলে ভবিষ্যতেও অন্য কেউ এ ধরনের হেনস্তার শিকার হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ একটি ফেসবুক গ্রুপে সাজিদ আহমেদ মোল্লার মেসেঞ্জার চ্যাটের কিছু আপত্তিকর স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। ঘটনাটির পর শুক্রবার রাতে ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাজিদকে তার সব প্রকার সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।