logo
Advertisement

ঢাকা কলেজে শিবিরের ওপর ছাত্রদলের হামলা, আহত ২০

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজঢাকা কলেজ
ঢাকা কলেজে শিবিরের ওপর ছাত্রদলের হামলা, আহত ২০
ঢাকা কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেয় ছাত্রদল। ছবি: এশিয়া পোস্ট

পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঢাকা কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনের মাথা ফেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে তাকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আরও ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রশিবির।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা ও আহতদের সম্মাননা অনুষ্ঠানের কথা ছিল। দুপুর পৌনে ১টার দিকে কলেজের গ্যালারি-২ -এর সামনে নেতাকর্মীরা ওই অনুষ্ঠানের পোস্টার লাগানোর সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

হামলায় গুরুতর আঘাতে শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেকের মাথা ফেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে দ্রুত উদ্ধার করে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মামুন শেখ অভিযোগ করে এশিয়া পোস্টকে বলেন, আমাদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালালে আমাদের অন্তত ২০ জন কর্মী আহত হন।

জানা যায়, প্রথম দফার ঘটনার পর দুপুর দেড়টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের আবাসিক হল এলাকায় অবস্থান নেন। পরবর্তীতে তারা অডিটরিয়ামে কিছুক্ষণ অবস্থানের পর কলেজের মূল ফটকের সামনে ছাত্রশিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুনরায় সংঘর্ষে জড়ান। সংঘর্ষের পর লাঠিসোঁটা হাতে ঢাকা কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, সকালে শিবির সুপরিকল্পিতভাবে আমাদের ভাইদের ওপর হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়। আমরা সাধারণ শিক্ষার্থী ও আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখানে অবস্থান নিয়েছি। ক্যাম্পাসে কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে দেওয়া হবে না এবং শিবিরের রাজনীতি প্রতিহত করা হবে।