logo
Advertisement

হাবিপ্রবিতে র‍্যাগ, ৭২ শিক্ষার্থীকে শোকজ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজহাবিপ্রবি
হাবিপ্রবিতে র‍্যাগ, ৭২ শিক্ষার্থীকে শোকজ
হাবিপ্রবি ফটক। ছবি: এশিয়া পোস্ট

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র‍্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে ২০২৫ ও ২০২৬ ব্যাচের মোট ৭২ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) তাদের এ শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত কয়েক দিনে ক্যাম্পাসসংলগ্ন বিসিএস গলি, কর্ণাই এলাকা, বিশ্ববিদ্যালয়ের পুকুরপাড় এবং বিভিন্ন আবাসিক মেসে র‍্যাগিংয়ের অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিটি ঘটনায় উপস্থিত ২০২৫ ও ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের শোকজ করা হয়।

শোকজ নোটিশে শিক্ষার্থীদের ৭ কর্মদিবসের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থাকার কারণ লিখিতভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে।

শোকজপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ভেটেরিনারি অনুষদের ২০২৬ ব্যাচের ২৬ জন ও ২০২৫ ব্যাচের ১৩ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২৬ ব্যাচের ২১ জন ও ২০২৫ ব্যাচের ১০ জন এবং কৃষি অনুষদের ২০২৫ ও ২০২৬ ব্যাচের একজন করে শিক্ষার্থী রয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান এশিয়া পোস্টকে বলেন, ‘র‍্যাগিংয়ের ঘটনায় ৭০ জনের বেশি শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে। এখনও তাদের জবাব পাওয়া যায়নি। অভিযুক্তদের কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।’