logo
Advertisement

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজযবিপ্রবি
ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী
ছবি : সংগৃহীত

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক ছাত্রী। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত ভ্যান থেকে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে ক্যাম্পাসসংলগ্ন আমবটতলা এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার হওয়া ফারিহা সুলতানা যবিপ্রবির ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

তিনি বলেন, আমি ও আমার এক বান্ধবী যশোর সদরের চুড়ামনকাঠি বাজার থেকে ভ্যানে করে ক্যাম্পাসে ফিরছিলাম। আমবটতলা এলাকায় পৌঁছানোর পর একটি মোটরসাইকেল আমাদের ভ্যানের পাশে আসে। কিছু বুঝে ওঠার আগেই পেছনে বসা লোক আমার ব্যাগ টেনে নিয়ে চলে যায়। ব্যাগটি রক্ষা করার চেষ্টা করতে গিয়ে আমি ভ্যান থেকে পড়ে যাচ্ছিলাম এবং হাতে আঘাত পাই।

ফারিহা সুলতানা আরও বলেন, ক্যাম্পাসের এত কাছাকাছি এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এ বিষয়ে সাজিয়ালি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেন, ঘটনার বিষয়ে আমরা মৌখিক অভিযোগ পেয়েছি। ছিনতাইকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেলেই দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান বলেন, ঘটনাটি আমি জেনেছি এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাম্পাসসংলগ্ন এলাকার নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি নিয়ে খুব শিগগিরই উপাচার্য মহোদয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।