logo
Advertisement

কৃষি ন্যানোপ্রযুক্তি গবেষণায় যুক্তরাষ্ট্রের সিএইএসের সঙ্গে যবিপ্রবির সমঝোতা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজযবিপ্রবি
কৃষি ন্যানোপ্রযুক্তি গবেষণায় যুক্তরাষ্ট্রের সিএইএসের সঙ্গে যবিপ্রবির সমঝোতা
যবিপ্রবি অধ্যাপক ড. জাভেদ হোসেন খান এবং সিএইএস পরিচালক ড. জেসন সি. হোয়াইট। ছবি : এশিয়া পোস্ট

ন্যানোপ্রযুক্তিনির্ভর কৃষি গবেষণা ও উদ্ভাবনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে যুক্তরাষ্ট্রের দ্য কানেকটিকাট এগ্রিকালচারাল এক্সপেরিমেন্ট স্টেশন (সিএইএস)-এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ন্যানোবায়ো অ্যান্ড অ্যাডভান্সড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (এনএএমই) ল্যাব।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এনএএমই ল্যাবের পরিচালক ও যবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান এবং সিএইএসের পরিচালক ড. জেসন সি. হোয়াইট।

পাঁচ বছর মেয়াদি এই সমঝোতার আওতায় ন্যানোপ্রযুক্তিভিত্তিক কৃষি গবেষণায় দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে ন্যানো-সার ও ন্যানো-কীটনাশক উদ্ভাবন, উন্নয়ন এবং কৃষিতে সেগুলোর কার্যকর প্রয়োগ নিয়ে গবেষণায়। চুক্তির ফলে যবিপ্রবির এনএএমই ল্যাবের গবেষক ও শিক্ষার্থীরা এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে সিএইএসে গবেষণার সুযোগ পাবেন। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন যৌথ গবেষণা প্রকল্পে অংশগ্রহণ এবং গবেষণা সহযোগিতা সম্প্রসারণের সুযোগও তৈরি হবে।

সমঝোতা স্মারক প্রসঙ্গে অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান বলেন, এই সহযোগিতার মাধ্যমে ন্যানোপ্রযুক্তিভিত্তিক কৃষি গবেষণায় যবিপ্রবির সক্ষমতা আরও বাড়বে। একই সঙ্গে টেকসই কৃষি প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষার্থাদের আন্তর্জাতিক মানের গবেষণায় সম্পৃক্ত হওয়ার নতুন সুযোগ সৃষ্টি হবে।

দ্য কানেকটিকাট এগ্রিকালচারাল এক্সপেরিমেন্ট স্টেশন (সিএইএস) যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ কৃষি গবেষণা প্রতিষ্ঠান। ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত এটি দেশটির প্রথম কৃষি গবেষণা কেন্দ্র। কৃষি, জনস্বাস্থ্য ও পরিবেশসংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা পরিচালনার পাশাপাশি নতুন প্রযুক্তি ও গবেষণালব্ধ জ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজও করে আসছে প্রতিষ্ঠানটি।