logo
Advertisement

ভূমি ব্যবস্থাপনাকে প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ভূমি ব্যবস্থাপনাকে প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী
ছবি: এশিয়া পোস্ট

বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে ধাপে ধাপে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সোমবার (১৮ মে) ভূমিসেবা মেলা উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এ কথা বলেন।

তিনি বলেন, আগে অনেকে নিজেদেরকে দেশের মালিক ভাবতেন। শুধু আমি আর আমার কথা বলতেন। আমি বলতে চাই-আমরা ও আমাদের দেশ।

তিনি বলেন, এ মন্ত্রণালয়ে নিয়ে মানুষের অনেক প্রত্যাশা। আমরা জানি এই পথ অনেক কঠিন; আমরা চেষ্টা করছি মানুষের সেবক হতে। আমরা যারা রাজনীতি করি আমাদের অনেক সময় ভুল হতে পারে। আপনারা আমাদেরকে সচেতন করবেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, আমরা চেষ্টা করছি ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত এবং হয়রানি ছাড়া সেবা প্রদানের আমাদের যে প্রচেষ্টা এটাকে দৃশ্যমান করতে। আমারা জনগণকে যে সেবাগুলো প্রদান করছি অনেকে এটার ব্যাপারে সচেতন না। আমাদের চেষ্টা হচ্ছে এই ব্যাপারে তাদেরকে সচেতন করা। হয়রানি ও দুর্নীতিরোধে আমরা স্বয়ংক্রিয় যে সেবাগুলো দিচ্ছি তা এখনো প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে ঠিকমতো পৌছায়নি। সিটি পর্যায়ে ও হয়তো অনেকে জানে না। সেটা জানানোর জন্যই সারা দেশব্যাপী আমাদের এ মেলার আয়োজন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বলেছেন বাংলাদেশের জনগণই হচ্ছে এ দেশের মালিক। আমাদের মন্ত্রণালয়ও এর ব্যতিক্রম নয়। আমাদের কাছে যারা সেবা নিতে আসেন তারা যেন আমাদের কর্মকাণ্ডে ভাবেন তারা এদেশের মালিক।

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে প্রতিটি উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ভূমি ভবন ঢাকায় ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার আয়োজন করা হচ্ছে। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং ভূমিসেবা বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

ভূমিসেবা মেলা প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, রাজস্ব সার্কেল ও জাতীয় পর্যায়ে ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে একযোগে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন ঘোষণা করার কথা রয়েছে।