logo
Advertisement

বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

সরকার বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন উদ্যাগ গ্রহণ করেছে বলেও জানান তিনি।

বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এদিন সংসদ অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

একাত্তরের শহীদ ও গণহত্যার শিকারদের সঠিক তালিকা প্রণয়নের পরিকল্পনা সরকারের আছে কি না, সংসদ সদস্য রুহুল আমীন দুলালের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তার দলের নির্বাচনি অঙ্গীকার মুক্তিযুদ্ধের শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, এই অঙ্গীকার বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন উদ্যাগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে, মুক্তিযুদ্ধের গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা আয়োজন, বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন এবং তার ভিত্তিতে কার্যক্রম গ্রহণ। এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গণহত্যার শিকার ও সব শহীদের একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়ন এবং তাদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা প্রদান সম্ভব হবে।

সম্পূরক প্রশ্নে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, অতীতে বিভিন্ন সময়ে দেখা গেছে, যারা সরকারে থাকে তারা দলীয় কিছু লোকদের মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করে। আবার সরকার পরিবর্তন হলে নতুন সরকার সেই তালিকা থেকে কিছু ছাঁটাই-বাছাই করে। স্বাধীনতার ৫৫ বছর পরও আজ জাতি কেন প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা জানতে পারছে না, বর্তমান সরকারের প্রকৃত মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তালিকা প্রকাশ করার কোনো পরিকল্পনা আছে কি না?

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত দল। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মাঠে থেকে যুদ্ধ করেছেন। শুধু তা-ই নয়, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে। স্বাভাবিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনেপ্রাণে বিশ্বাস করে, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রতি তাদের পবিত্র একটি দায়িত্ব রয়েছে।

তিনি আরও বলেন, দেশ স্বাধীনের পর একটি সঠিক ও নিরপেক্ষ মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা যাদের দায়িত্ব ছিল, তারা সেটি করেনি। তারা সেটাকে রাজনীতিকীকরণ করেছে। পরে বিভিন্ন সময়ে এই তালিকা তৈরিতে নানা রকম সমস্যা তৈরি হয়েছে।

তবে বর্তমানে সরকার বিশেষজ্ঞদের নিয়ে যাতে একটি পূর্ণাঙ্গ এবং সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা যায়, সেই চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী।