দেশের জন্য প্রধানমন্ত্রীর চেষ্টা-মেহনত দেখে আমরা অনুপ্রাণিত: হানজালা

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মপ্রচেষ্টা, মন-মানসিকতা ও চিন্তাধারার প্রশংসা করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, দেশের জন্য প্রধানমন্ত্রীর চেষ্টা, মেহনত ও ভালোবাসা দেখে তারা নিজেরাও অনুপ্রাণিত হচ্ছেন।
এমপি হানজালা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, তার মন-মানসিকতা ও সদিচ্ছা আমরা প্রত্যক্ষ করছি। বিগত দিনে আমরা এমন চিত্র কখনো দেখতে পাইনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর চিন্তাধারা ও দিকনির্দেশনামূলক বার্তা তৃণমূল পর্যায়ে অনেকেই হয়তো পুরোপুরি ধারণ করতে পারেননি। এ কারণে মাঠপর্যায়ে কিছু অন্যায়-অবিচার ঘটে থাকতে পারে। তাই প্রধানমন্ত্রীর এসব বার্তা কীভাবে সঠিকভাবে তৃণমূল পর্যন্ত পৌঁছানো যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংসদ সদস্য হানজালার প্রশ্নটি তার কাছে পুরোপুরি স্পষ্ট নয়। লিখিত নোটিশ দেওয়া হলে তিনি প্রস্তুতি নিয়ে এর বিস্তারিত জবাব দেবেন।
দেশ পুনর্গঠন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী ইশতেহারে দেশ পুনর্গঠনের সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেছিল। সরকার গঠনের পর আরও তথ্য ও উপাত্ত পাওয়ায় পরিকল্পনাগুলো বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে। তবে এসব বিস্তারিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন বলেও জানান তিনি।


