logo
Advertisement

ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন পুতুল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন পুতুল
সায়মা ওয়াজেদ পুতুল। ছবি : ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি পদত্যাগপত্র দিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়। জানা গেছে, পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

রয়টার্সের হাতে আসা পদত্যাগপত্র অনুযায়ী, বুধবার সায়মা ওয়াজেদ ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসের কাছে পদত্যাগপত্র পাঠান। পদত্যাগপত্রে তিনি ডব্লিউএইচও নেতৃত্বের ওপর আস্থা হারানোর কথা উল্লেখ করেছেন। পাশাপাশি দীর্ঘ সময় বেতন ছাড়া ছুটিতে থাকায় তার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে বলেও জানান।

ডব্লিউএইচওর মহাপরিচালকের কাছে পাঠানো পদত্যাগপত্রে পুতুল বলেন, ‘আমার অঞ্চলের দেশগুলোর সেবা করার উদ্দেশ্যেই আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হয়েছিলাম। আমি আন্তরিকতার সঙ্গে সেই দায়িত্ব পালন করেছি।’

তিনি আরও লিখেছেন, ‘আপনি যেহেতু আমাকে কার্যকরভাবে আমার দায়িত্ব পালনে বাধা দিয়ে যাচ্ছেন, তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আপনার নেতৃত্বের ওপর আমার আস্থা ও বিশ্বাস পুরোপুরি হারিয়েছি। তাছাড়া, আমাকে বেতন ছাড়া ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের পর প্রায় এক বছর ধরে কোনো পারিশ্রমিক না পাওয়ায় আমার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে, গত ২০ আগস্ট তাকে অনির্দিষ্টকালের ছুটিতে রাখার সিদ্ধান্তের বিষয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছিলেন সায়মা ওয়াজেদ। ডব্লিউএইচও ২০২৫ সালের জুলাইয়ে তাকে ছুটিতে পাঠায়।

রয়টার্সের দুই সূত্র জানিয়েছে, ডব্লিউএইচও আগামী মাসে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে পারে। সূত্রগুলোর তথ্য অনুযায়ী, অক্টোবরে প্রার্থীদের মনোনয়ন আহ্বান, ডিসেম্বরে আবেদন যাচাই এবং আগামী জানুয়ারিতে নির্বাচন হতে পারে।

রয়টার্স প্রতিবেদনে উল্লেখ করেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের ওপর যে বহুমুখী প্রভাব পড়েছে, সায়মা ওয়াজেদ পুতুলের এই পদত্যাগকে তারই সর্বশেষ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগীদের অনেকেই এখন দুর্নীতি মামলার মুখোমুখি, অথবা তাঁর মতোই বিদেশে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।

শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ২০২৩ সালের নভেম্বরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে সায়মা ওয়াজেদ আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সায়মা ওয়াজেদের বিরুদ্ধেও বাংলাদেশে দুর্নীতির অভিযোগে মামলা হয়। ২০২৫ সালের জুলাইয়ে তাকে ডব্লিউএইচওর দায়িত্ব থেকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়।

২০২৫ সালের নভেম্বরে ঢাকার একটি আদালত প্লটসংক্রান্ত দুর্নীতির মামলায় সায়মা ওয়াজেদকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এর আগে তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশও দেওয়া হয়েছিল।