logo
Advertisement

সরানো হলো রংপুরের পুলিশ কমিশনারকে

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
সরানো হলো রংপুরের পুলিশ কমিশনারকে
সদ্য প্রত্যাহারকৃত রংপুর মহানগর পুলিশ কমিশনার (আরপিএমপি) মোহাম্মদ আবদুল মাবুদ। ছবি: আরএমপির ওয়েবসাইট

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার স্ত্রী-সন্তানসহ ৪ জনকে হত্যাকাণ্ডের পর সংবাদ সম্মেলনে আসা রংপুর মহানগর পুলিশ কমিশনার (আরপিএমপি) মোহাম্মদ আবদুল মাবুদকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মু. মাহবুবুর রশীদ।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে মু. মাহবুবুর রশীদকে দায়িত্ব দেওয়া হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) এবং নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে গত ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে বদলির আদেশ দেওয়া হয়। আরপিএমপি থেকে তাকে ডিআইজি হিসেবে রংপুর রেঞ্জে পাঠানো হয়। আরপিএমপিতে নতুন কমিশনার না দেওয়ায় নতুন কর্মস্থলে তিনি যোগদান করতে পারেননি।

উল্লেখ্য, রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার স্ত্রী-সন্তানসহ ৪ জনকে হত্যার ঘটনায় গত ২৩ আগস্ট সংবাদ সম্মেলনে আসেন রংপুর মহানগর পুলিশ কমিশনার (আরপিএমপি) মোহাম্মদ আবদুল মাবুদ। তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। নির্মমভাবে ৪ খুনের বর্ণনা দিতে গিয়ে কান্নাও করেন পুলিশের এই কর্মকর্তা।