logo
Advertisement

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের সিনিয়র উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের সিনিয়র উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
বুধবার শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন নামাজু হিরোয়ুকি। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের সিনিয়র উপ-পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোয়ুকি।

বুধবার (১২ আগস্ট) এ সাক্ষাৎ হয়। সপ্তম বাংলাদেশ-জাপান ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) যোগ দিতে দুই দিনের সরকারি সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন নামাজু হিরোয়ুকি।

শামা ওবায়েদ তাকে স্বাগত জানিয়ে কনসালটেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। জাপানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশের উন্নয়নে জাপানের দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিগ-বি’ উদ্যোগ এবং ‘অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স’ প্রোগ্রামের মাধ্যমে জাপানের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। তিনি জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান এবং জাপানে বাংলাদেশের দক্ষ কর্মীদের সুযোগ বৃদ্ধির প্রত্যাশা প্রকাশ করেন।

জাপানের জ্যেষ্ঠ উপ-পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোয়ুকি বাংলাদেশের উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি দেশটির সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে জাপানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আগামী দিনে এই কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর ও প্রসারিত হবে বলে আশা উভয়পক্ষের।

সৌজন্য সাক্ষাৎ শেষে সফররত প্রতিনিধি দলের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।