অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা পেলেন ইতালির সাবেক যুব ফুটবলার

আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। টনি পোপোভিচের দলে সবচেয়ে আলোচিত নাম ক্রিস্টিয়ান ভলপাতো। ইতালির বয়সভিত্তিক দলে খেলা এই প্লেমেকার শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।
ভলপাতো ২০২২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ ফিরিয়ে দিয়েছিলেন। তবে এবার ইতালি ছেড়ে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত তার জন্য বড় পুরস্কার হয়ে এসেছে। ফুটবল অস্ট্রেলিয়া তার আনুগত্য বদলের বিষয়টি নিশ্চিত করার এক দিন পরই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন তিনি।
অস্ট্রেলিয়ার দলে আরেক অভিষেকের অপেক্ষায় থাকা ফুটবলার জাপানভিত্তিক স্ট্রাইকার তেতে ইয়েঙ্গি। তিনি অস্ট্রেলিয়ার আরেক ফরোয়ার্ড কুসিনি ইয়েঙ্গির ছোট ভাই। ফ্লোরিডায় প্রাক্-টুর্নামেন্ট ক্যাম্পে চমক হিসেবে ডাক পেয়েছিলেন তেতে। এবার মূল বিশ্বকাপ দলেও জায়গা ধরে রেখেছেন।
দল ঘোষণার আগে মেক্সিকোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে হেরেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচের পরই কয়েকটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে পোপোভিচকে। তৃতীয় গোলরক্ষক হিসেবে জো গাউসির বদলে প্যাট্রিক বিচকে বেছে নিয়েছেন তিনি। অধিনায়ক ম্যাট রায়ান থাকবেন প্রথম পছন্দের গোলরক্ষক, তার বিকল্প হিসেবে থাকবেন পল ইজো।
ইয়েঙ্গির জায়গা পাওয়ায় দলে জায়গা হয়নি ফরোয়ার্ড ব্র্যান্ডন বোরেল্লোর। বাদ পড়েছেন উইঙ্গার মার্টিন বয়েলও। ২০২২ কাতার বিশ্বকাপের আগে চোটে পড়ে সেই আসর মিস করেছিলেন বয়েল। চার বছর পরও বিশ্বকাপ দলে জায়গা পেলেন না তিনি। ডিফেন্ডার কাই রোলসও ২৬ সদস্যের চূড়ান্ত দলে নেই।
দল নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়া কোচ পোপোভিচ বলেছেন, বড় টুর্নামেন্টে এমন কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। গত কয়েক সপ্তাহ ধরে কঠিন ও দীর্ঘ ক্যাম্পে খেলোয়াড়দের পরিশ্রমেরও প্রশংসা করেছেন তিনি।
অস্ট্রেলিয়া দলে এবার ১৭ জন ফুটবলার আছেন, যারা প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। তাদের মধ্যে আছেন ১৮ বছর বয়সি ডিফেন্ডার লুকাস হেরিংটন এবং ২১ বছর বয়সি সিডনি এফসি মিডফিল্ডার পল ওকন-এংস্টলার। এ-লিগে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি।
চোট কাটিয়ে দলে ফিরেছেন কাতার বিশ্বকাপের দুই গুরুত্বপূর্ণ মুখ হ্যারি সাউটার ও ম্যাথু লেকি। সেন্ট্রাল ডিফেন্ডার সাউটার এবং উইঙ্গার লেকি দীর্ঘ চোটের লড়াই শেষে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। ২০২২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাফল্যে দুজনেরই বড় ভূমিকা ছিল।
ফরোয়ার্ড লাইনে পোপোভিচ রেখেছেন নিশান ভেলুপিল্লাই, আওয়ার মাবিল, নেস্টরি ইরানকুন্ডা, মোহামেদ তুরে ও তেতে ইয়েঙ্গিকে। অভিজ্ঞতা, গতি ও তরুণ শক্তির মিশ্রণে দল সাজিয়েছেন অস্ট্রেলিয়া কোচ।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল
প্যাট্রিক বিচ, আজিজ বেহিচ, জর্ডান বস, ক্যামেরন বার্গেস, আলেসান্দ্রো চিরকাতি, মিলোস দেগেনেক, ক্যামেরন ডেভলিন, জেসন গেরিয়া, লুকাস হেরিংটন, আজদিন হ্রুস্টিচ, নেস্টরি ইরানকুন্ডা, জ্যাকসন আরভিন, জ্যাকব ইতালিয়ানো, পল ইজো, ম্যাথু লেকি, আওয়ার মাবিল, কনর মেটকাফ, এইডেন ও’নিল, পল ওকন-এংস্টলার, ম্যাট রায়ান, হ্যারি সাউটার, মোহামেদ তুরে, কাই ট্রেউইন, নিশান ভেলুপিল্লাই, ক্রিস্টিয়ান ভলপাতো ও তেতে ইয়েঙ্গি।
.png)





