কানসাসে ঘাঁটি গড়ল আর্জেন্টিনা, মেসিকে নিয়ে শুরু প্রস্তুতি

চতুর্থ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাসে জাতীয় দলের ক্যাম্পে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসিও। তার সঙ্গে পৌঁছেছেন ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো ডি পলও।
রোববার (৩১ মে) রাতে মায়ামি থেকে ব্যক্তিগত ফ্লাইটে কানসাসে পৌঁছান মেসি। ২০২৬ বিশ্বকাপ হবে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। আর্জেন্টিনা দল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করবে।
এর আগে আর্জেন্টিনার বড় অংশের খেলোয়াড়রা বুয়েনস এইরেস থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছান। তাদের বহনকারী ফ্লাইটের নম্বর ছিল AR1978, যা আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে প্রতীকী। ১৯৭৮ সালে নিজেদের প্রথম বিশ্বকাপ জিতেছিল আলবিসেলেস্তেরা।
জেরোনিমো রুলি, নিকোলাস তাগলিয়াফিকো, ভ্যালেন্তিন বারকো, নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, নিকোলাস গনসালেস, গনসালো মনতিয়েল, লিওনার্দো বালের্দি, জিওভানি লো সেলসো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, হোসে ম্যানুয়েল লোপেজ, লিয়ান্দ্রো পারেদেস, জুলিয়ানো সিমিওনে, এক্সেকিয়েল পালাসিওস ও থিয়াগো আলমাদারা ইতোমধ্যে দলের ঘাঁটিতে পৌঁছেছেন।
ইন্টার মিলানে খেলা আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজও যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন। প্রিমিয়ার লিগে খেলা লিসান্দ্রো মার্তিনেজ ও এমিলিয়ানো মার্তিনেজও দলের সঙ্গে যোগ দিয়েছেন। এমিলিয়ানো মার্তিনেজ সম্প্রতি আঙুলের চোট নিয়ে আলোচনায় থাকলেও বিশ্বকাপের আগে তাকে ঘিরে আর্জেন্টিনা শিবির আশাবাদী।

কানসাসে আর্জেন্টিনা দলের অনুশীলন হবে স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে। ২০১৮ সালে চালু হওয়া এই কমপ্লেক্সটি স্পোর্টিং কানসাস সিটির ঘাঁটি। সেখানে একাধিক ফুটবল মাঠ আছে। তবে আবহাওয়া আর্জেন্টিনার জন্য একটি বিবেচ্য বিষয় হতে পারে। এই সময়ে কানসাস অঞ্চলে গরম, আর্দ্রতা ও ঝড়ের সম্ভাবনা থাকে।
আর্জেন্টিনা দল থাকছে অরিজিন হোটেলে। ট্রেনিং সেন্টার থেকে প্রায় ২০ মিনিট দূরের এই হোটেলটি নতুন করে সাজানো হচ্ছে। দলের জন্য সেখানে নতুন জিমও তৈরি করা হয়েছে। শহরের কেন্দ্রে অবস্থান হওয়ায় হোটেলের আশপাশে সমর্থকদের ভিড়ও দেখা যেতে পারে।
বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। শুক্রবার তারা যাবে টেক্সাসে। শনিবার কলেজ স্টেশনে হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। এরপর আলাবামার অবার্নে ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।
আইসল্যান্ড ম্যাচের পর আবার কানসাসে ফিরবে আর্জেন্টিনা। সেখানেই চলবে বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রস্তুতি। ১৭ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার পরের ম্যাচ ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে, আর্লিংটনে। এরপর ২৮ জুন জর্ডানের মুখোমুখি হবে তারা। ম্যাচের পর দল আবার কানসাসের ঘাঁটিতে ফিরবে বলে পরিকল্পনা করা হয়েছে।
২০২২ কাতার বিশ্বকাপে মেসির নেতৃত্বে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এবার লক্ষ্য চতুর্থ তারকা। মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ঘিরে প্রত্যাশাও তাই আরও বেশি।
.png)






