
খুলনার সোনাডাঙ্গায় তরকারি পড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী কনেস্টবল পপি মিত্রর বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) সকালে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্কের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহকর্মী মিলন নরসিংদীর বাসিন্দা। তার বাবা-মা নেই। ছোটবেলা থেকে ওই বাড়িতেই কাজ করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাডাঙ্গায় একটা বাড়ির বারান্দায় একজন নারীকে একাধিকবার কান ধরে উঠ-বস করানো এবং লাঠি দিয়ে আঘাত করতে দেখেন স্থানীয়রা। পরে একজন সংবাদকর্মী ও তিনজন সামাজিক সংগঠনের নারী নেত্রী বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলে প্রথমে বাধা দেওয়া হয়। পরে ৯৯৯ নম্বরে কল দিয়ে কৌশলে ভেতরে ঢোকেন তারা। ঢুকে ওই গৃহকর্মীকে উদ্ধার করেন।
ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তি ও কড়াই দিয়ে আঘাতের চিহ্ন দেখা যায়। ওই নারীর শরীরে পুরোনো অনেক আঘাতে চিহ্নও রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্র কোনো বক্তব্য দিতে রাজি হননি।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এই ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




