অর্থমন্ত্রীকে ইসলামী ব্যাংকের গ্রাহকদের স্মারকলিপি, ৭ দফা দাবি

ইসলামী ব্যাংকের চলমান অস্থিরতার মধ্যেই আন্দোলন করছেন ব্যাংকটির এক দল গ্রাহক। চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ সাত দফা দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ব্যাংকটির সচেতন গ্রাহক ফোরাম।
বুধবার (১০ জুন) রাজধানীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শেষে তারা বর্তমান পর্ষদ পুনর্গঠন এবং অনিয়মের অভিযোগ তদন্তের দাবিতে এই স্মারকলিপি জমা দেন।
এর আগে আজ সকালে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করে গ্রাহক ফোরাম। পরে তারা ব্যানার-ফেস্টুনসহ সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হলে পুরানা পল্টন মোড় এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। পরে মিছিলটি আর এগোতে না পেরে গ্রাহকরা পল্টন এলাকাতেই সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
পল্টনে কর্মসূচি চলার সময় তাদের মধ্য থেকে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সাত দফা-সংবলিত স্মারকলিপিটি হস্তান্তর করেন।
গ্রাহকরা বর্তমান চেয়ারম্যান খুরশীদ আলম এবং তার স্ত্রীর বিরুদ্ধে ব্যাংকের বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে ধরেন।
তাদের দাবি, ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বর্তমান পরিচালনা পর্ষদ অবিলম্বে ভেঙে দিতে হবে। এর পরিবর্তে ব্যাংকিং খাতে অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে একটি নতুন পরিচালনা পর্ষদ গঠনের জোর দাবি জানান তারা।
আন্দোলনকারী গ্রাহকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্রাহকদের স্বার্থে উত্থাপিত এই সাত দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পর থেকেই গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাদের আন্দোলনের মধ্যে গত ১ জুন রাতে ব্যাংকের এক ভার্চুয়াল সভায় এমডি মো. ওমর ফারুকের পদত্যাগপত্র গ্রহণ করা হয়।
.png)






